চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলা টিভি ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো পরিদর্শন করেছেন।
বুধবার সকালে তিনি প্রাচীন গৌড় অঞ্চলের বিভিন্ন প্রত্নস্থল ঘুরে দেখেন। পাশাপাশি ছোট সোনা মসজিদ এবং সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন।
সফরকালে রাষ্ট্রদূত স্থলবন্দরের কার্যক্রম ও ইমিগ্রেশন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এছাড়া সোনামসজিদ সীমান্ত ফাঁড়িতে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি সীমান্ত নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো ঘুরে দেখার সময় তাকে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের ছবি তুলতেও দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে তিনি এলাকার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন।
পরিদর্শনকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক এবং শিবগঞ্জ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



