Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ খাওয়ানোর ঘোষণা

স্পোর্টস ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী আয়োজন নজর কেড়েছে সবার। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গ্রামের সড়কজুড়ে টাঙানো হয়েছে প্রায় সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা।

বুধবার গ্রামটিতে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল আকৃতির এই পতাকা, যা স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও আকৃষ্ট করছে। সমর্থকদের দাবি, এটি তাদের এলাকার অন্যতম বৃহৎ ফুটবলভিত্তিক আয়োজন।

আর্জেন্টিনা সমর্থক রিফাত, অন্তর ও হানিফ জানান, বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের দুর্দান্ত পারফরম্যান্স এবং লিওনেল মেসির অসাধারণ খেলা তাদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তাদের বিশ্বাস, শিরোপা ধরে রাখার সামর্থ্য এবারও রয়েছে আর্জেন্টিনার।

স্থানীয় সমর্থক নয়ন আলী বলেন, প্রবাসী আর্জেন্টিনা সমর্থকদের সহযোগিতায় এ বছরের জন্য প্রায় সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ পতাকা টাঙানো হয়েছে। ভবিষ্যতে এর দৈর্ঘ্য আরও বাড়িয়ে ছয় হাজার ফুট করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, দলের প্রথম ম্যাচ উপলক্ষে সমর্থকদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। শুরুতে ২০ হাজার টাকার বাজেট নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়। এ অর্থে গ্রামবাসী ও সমর্থকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে পৌঁছালে একটি মহিষ জবাই করে পুরো গ্রামের মানুষের জন্য ভোজের আয়োজন করার ঘোষণাও দিয়েছেন সমর্থকরা। তাদের আশা, প্রিয় দল এবারও বিশ্বকাপ জয়ের আনন্দ উপহার দেবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button