Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

সুগন্ধি আসছে, স্বপ্নে বলেছেন বেঁচে আছেন— তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

বাংলা টিভি ডেস্ক: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে মৃত্যুর ১৮ দিন পর এক তরুণীর কবর খোঁড়ার ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পরিবারের সদস্যরা দাবি করেন, স্বপ্নে তাকে জীবিত দেখার কারণে তাদের মনে সন্দেহ তৈরি হয়েছিল।

মরিয়ম নামের ওই তরুণী কয়েক বছর ধরে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদুল আজহার ছুটিতে বাড়ি এসে অসুস্থ হয়ে পড়েন এবং গত ২৮ মে ভোরে মারা যান। পরে ঈদের দিনই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফনের কিছুদিন পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে তার কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। একই সময়ে পরিবারের কয়েকজন সদস্য স্বপ্নে মরিয়মকে জীবিত দেখেছেন বলে দাবি করেন। এসব বিষয় নিয়ে আলোচনা বাড়তে থাকলে পরিবারের লোকজন বিষয়টি নিয়ে স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলেন। তারা এমন ধারণাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

তবে সব আলোচনা-সমালোচনার মধ্যেই মঙ্গলবার বিকেলে স্বজনরা শত শত মানুষের উপস্থিতিতে কবরটি খনন করেন। কবর খুলে তারা দেখতে পান, মরিয়মের মরদেহ স্বাভাবিকভাবেই পচন প্রক্রিয়ায় রয়েছে। এরপর পুনরায় মরদেহ দাফন করে কবর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের অনেকে জানান, কবর খোঁড়ার পর কোনো ধরনের সুগন্ধি পাওয়া যায়নি এবং মরিয়ম জীবিত থাকার দাবিরও কোনো সত্যতা মেলেনি।

পরিবারের সদস্যরাও পরে জানান, তাদের মনে যে সন্দেহ তৈরি হয়েছিল, কবর খোলার পর তা দূর হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে আগে কবর থেকে সুগন্ধি বের হওয়া এবং স্বপ্নে জীবিত দেখার বিষয়টি জানানো হয়েছিল। তবে কবর খোঁড়ার জন্য আদালতের অনুমতি প্রয়োজন বলে তাদের অবহিত করা হয়েছিল। কবর খোঁড়ার ঘটনাটি পরে তিনি জানতে পারেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button