Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

বাংলা টিভি ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চলমান প্রস্তুতির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের পাশে অবস্থিত মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার তারেক রহমানের নির্ধারিত কর্মসূচি উপলক্ষে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ চলছিল। এ সময় পাশের মিনি স্টেডিয়ামে অবস্থান করে সোহেল রানা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সেখানে উপস্থিত কিছু লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় এবং একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক সোহেল রানা শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পেশায় আনারস ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

উল্লেখ্য, বিএনপির বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বুধবার শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে তারেক রহমানের সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button