
বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুনুর রশিদ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহাদাত হোসেন খান নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে পরোয়ানা দেখিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তার স্বজন ও সহযোগীরা বাধা দেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
এ সময় অভিযুক্তরা আসামিকে পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য মোবাইল ফোনে অভিযানের ভিডিও ধারণ করছিলেন। তখন এক ব্যক্তি তার ফোন ছিনিয়ে নেন এবং পুলিশ সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে শাহিনুর বেগম (৪৫) ও মাহিনুর বেগম (৪২) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তবে মূল পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনায় আহত দুই পুলিশ সদস্য আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজল হোসেন জানিয়েছেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



