নেতানিয়াহুকে লাঠি-পাথর মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর

বাংলা টিভি ডেস্ক: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেছেন, যদি তিনি আগামী সাধারণ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করেন, তাহলে জনগণকে রাস্তায় নেমে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রোববার (১৪ জুন) ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এহুদ বারাক আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনকে প্রভাবিত বা বাধাগ্রস্ত করার মতো পদক্ষেপ নেতানিয়াহু নিতে পারেন। এমন পরিস্থিতি তৈরি হলে জনগণকে সক্রিয়ভাবে প্রতিবাদে অংশ নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
বারাকের দাবি, লেবাননে নতুন সামরিক অভিযান শুরু করে নেতানিয়াহু রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করতে পারেন। এর ফলে হিজবুল্লাহ ও ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নেতানিয়াহু দীর্ঘস্থায়ী যুদ্ধাবস্থাকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। যুদ্ধ শেষ হলে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর বিচার প্রক্রিয়া আরও গতি পেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় এবং লেবাননের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ক্ষেত্রেও নেতানিয়াহু বাধা সৃষ্টি করেছেন।
বর্তমানে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বর থেকে ক্ষমতায় রয়েছেন। তার নেতৃত্বাধীন সরকারকে ইসরাইলের ইতিহাসের অন্যতম ডানপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হয়। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুর্নীতির একাধিক মামলায় নেতানিয়াহু বর্তমানে দেশীয় আদালতে বিচারাধীন। এছাড়া গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।
সাক্ষাৎকারে এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়েও সমালোচনা করেন। তার ভাষায়, এ ধরনের চুক্তি ইসরাইলের জন্য ইতিবাচক নয় এবং বর্তমান পরিস্থিতির জন্য নেতানিয়াহুর রাজনৈতিক সিদ্ধান্ত ও দূরদর্শিতার অভাব দায়ী।
এদিকে বারাকের মন্তব্য প্রকাশের পর নেতানিয়াহুর সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লিকুদ পার্টির নেতা ও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ অভিযোগ করেছেন, বারাকের বক্তব্য সহিংসতাকে উৎসাহিত করছে। তিনি এ বিষয়ে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিসমুথ বলেন, বারাকের মানসিক অবস্থা যাচাই করা উচিত এবং প্রয়োজন হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।



