
বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক (মাসুদ) চৌধুরী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শনিবার (১৩ জুন) দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত মাকসুদুল হক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার বাসিন্দা। তিনি বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন মাকসুদুল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন অস্ত্রধারী সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানা গেছে।
হামলার পরপরই অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতাকর্মীরা চট্টগ্রাম–কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। কোথাও কোথাও সড়কে টায়ার জ্বালানো ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার ঘটনাও ঘটে। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ বেলায়াত হোসেন জানান, সশস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



