সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি থেমে থেমে উত্তপ্ত হয়ে ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর হজ পালনের জন্য কসবা হজ কাফেলার মাধ্যমে সৌদি আরব যান। দেশে ফেরার সময় তার একটি লাগেজ সেখানে থেকে যায়। পরে ওই লাগেজ ফিরিয়ে আনার বিষয়ে গত বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এজেন্সি কর্তৃপক্ষ জানান, লাগেজ সংক্রান্ত দায়িত্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী হজযাত্রীর নিজের।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে হজযাত্রীর স্বজনরা হজ এজেন্সির অফিসে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। এর জেরে শনিবার সকালে কদমতলী এলাকায় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, লাগেজ সংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।



