মদ-সিগারেটের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: মদ ও সিগারেটের মতো ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি নিয়ে বিরোধী দলের সমালোচনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যে কর বাড়ানো একটি যৌক্তিক পদক্ষেপ, অথচ এ নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, যা তাদের আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি করে।
শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬০টি পণ্যের ওপর কর কমানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।
তিনি আরও বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার পুনঃখননের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন এবং ১২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে, যা প্রায় সাড়ে ৮ হাজার কৃষকের জন্য সরাসরি সহায়ক হবে।
কৃষকদের জন্য সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বাজেটে কর কাঠামোর পরিবর্তনের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষের ওপর চাপ কমেছে।
বিরোধী দলের সমালোচনার জবাবে তারেক রহমান বলেন, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক বাজেটকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যা জনগণকে বিভ্রান্ত করার শামিল। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে এবং অতীতের মতো কোনো বাধা এই অগ্রযাত্রাকে থামাতে পারবে না।



