বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

বাংলা টিভি ডেস্ক: বিএনপির রাজনীতি সাধারণ মানুষের কল্যাণকেন্দ্রিক বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, কৃষকদের সহায়তায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ডের মাধ্যমে এককালীন আড়াই হাজার টাকা প্রদান করা হবে।
শনিবার সকালে কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন এবং তাদের বড় একটি অংশ কৃষিকাজ ও শ্রমনির্ভর পেশার সঙ্গে যুক্ত। তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের পাশে দাঁড়াতেই খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কৃষকদের বীজ, সার ও কীটনাশক ক্রয়ে সহায়তা দিতে কৃষক কার্ডের মাধ্যমে আর্থিক প্রণোদনা দেওয়া হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান তিনি।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এজন্য বর্তমান সরকার নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সফরসূচি অনুযায়ী, পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনের পর মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ওয়াসীমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এদিন তিনি পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার অবকাঠামোগত কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শেষাংশে তিনি কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন এবং একটি সুধী সমাবেশে অংশ নেবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার। এ সফরকে ঘিরে কক্সবাজারজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।



