হারিয়ে যাওয়া বিড়াল খুঁজতে গ্রামে গ্রামে গৃহবধূর মাইকিং

বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হারিয়ে যাওয়া পোষা বিড়ালের খোঁজে মাইকিং করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক গৃহবধূ।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় ডিডি শাহবাজপুর, দশসিকা ও কর্ণসূতি গ্রামসহ আশপাশের এলাকায় মাইকিং করে বিড়ালটির সন্ধান চাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ মাস ধরে একটি পুরুষ বিড়াল লালন-পালন করে আসছিলেন ডিডি শাহবাজপুর গ্রামের ধনী আকন্দের স্ত্রী আমিনা বেগম। সম্প্রতি গত রোববার দুপুরের পর থেকে বিড়ালটি নিখোঁজ হলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেও না পেয়ে আশপাশের গ্রামগুলোতে মাইকিংয়ের মাধ্যমে বিড়ালটির সন্ধান শুরু করেন তিনি।
আমিনা বেগম জানান, তিনি বিড়ালটিকে নিজের সন্তানের মতোই দেখভাল করতেন এবং নির্দিষ্ট খাবার ছাড়া অন্য কিছু খেত না। তার ভাষায়, বিড়ালটি কাঁচা মাছ বা ঠান্ডা দুধ খেত না, বরং ভাজা মাছ ও ফুটানো দুধ পছন্দ করত।
তিনি আরও বলেন, বিড়াল হারিয়ে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ঠিকমতো খাবারও খেতে পারছেন না। এমনকি তিনি স্থানীয় এক কবিরাজের কাছেও গিয়েছিলেন বলে জানান, যিনি ধারণা দিয়েছেন বিড়ালটি কেউ আটকে রাখতে পারে।
হারিয়ে যাওয়া বিড়ালের বর্ণনায় তিনি জানান, বিড়ালটির গায়ের রং লালচে, পায়ের কিছু অংশ সাদা এবং চলার সময় পেট দুলে ওঠে।
বিড়ালটির সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন এই গৃহবধূ।



