দাম বাড়বে পাঙাশ মাছের

বাংলা টিভি ডেস্ক: দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে আমদানি করা পাঙাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। বাজেট বক্তৃতার সময় বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর ও শুল্ক পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়, যা ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হওয়ার নিয়ম রয়েছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, দেশীয় শিল্প সুরক্ষার পাশাপাশি কিছু আমদানি পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ফলে বাজারে দাম কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, চিকিৎসা সামগ্রী, মোবাইল ফোন, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক ছাড়ের প্রস্তাবও আসতে পারে বলে জানা গেছে। এতে ভোক্তা পর্যায়ে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনাও রয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।



