নিয়োগ হচ্ছে ৫০০০ এমবিবিএস চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী

বাংলা টিভি ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যাপক জনবল নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।
এবারের বাজেটে স্বাস্থ্য খাতে মোট ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ। তুলনামূলকভাবে আগের অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির ০ দশমিক ৫৮ শতাংশ।
সরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগ ধাপে ধাপে বাড়িয়ে ভবিষ্যতে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে জাতীয় স্বাস্থ্যব্যবস্থার আওতায় আধুনিক ‘ই-হেলথ কার্ড’ প্রদান করা হবে। এছাড়া জটিল ও বিশেষায়িত চিকিৎসাসেবা, বিশেষ করে সার্জারি সুবিধা, জেলা সদর হাসপাতালগুলোতে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের ওষুধ শিল্পের বিকাশে এপিআই (Active Pharmaceutical Ingredient) শিল্পপার্কসহ প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণা, বিনিয়োগ ও নীতিগত সহায়তা জোরদারের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে। এলডিসি উত্তরণের পরও ওষুধ শিল্পের ধারাবাহিক উন্নয়ন ও উদ্ভাবন বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের নেওয়া টিকাদান কর্মসূচিরও উল্লেখ করা হয়। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, সরকারের প্রথম ১০০ দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।
এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। একই সঙ্গে তারেক রহমান নেতৃত্বাধীন সরকারেরও এটি প্রথম বাজেট।



