প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার দিলেন প্রেমিক, পরদিনই ব্রেকআপ!

আন্তর্জাতিক ডেস্ক: তিন বছরের সম্পর্কের স্মৃতি ধরে রাখতে প্রেমিকার জন্মদিনে চার লাখ টাকারও বেশি মূল্যের একটি গেমিং পিসি উপহার দিয়েছিলেন এক যুবক। কিন্তু সেই উপহার পাওয়ার মাত্র একদিন পরই সম্পর্কের ইতি টানেন তার প্রেমিকা। পরে জানা যায়, দামি উপহারটি পাওয়ার আশাতেই নাকি এতদিন সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তিনি।
ঘটনাটি যুক্তরাজ্যের। প্রতারিত ওই যুবক নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পোস্টে যুবক জানান, প্রেমিকার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে তিনি প্রায় ২ হাজার ৫০০ পাউন্ড মূল্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং কম্পিউটার উপহার দেন। কিন্তু উপহার হাতে পাওয়ার পরদিনই প্রেমিকা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। হঠাৎ এমন ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
পরবর্তীতে এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পারেন, তার প্রেমিকা কয়েক মাস আগেই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে জন্মদিনের উপহারটি পাওয়ার অপেক্ষায় তিনি সম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনেও বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেন ওই যুবক।
ঘটনার পর তিনি জানতে চান, প্রতারণার মাধ্যমে উপহার গ্রহণ করা হয়ে থাকলে আইনগতভাবে সেটি ফেরত পাওয়ার কোনো সুযোগ আছে কি না। তবে প্রচলিত আইনের আলোকে, স্বেচ্ছায় দেওয়া উপহার সাধারণত প্রাপকের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়।
ভাইরাল পোস্টে অসংখ্য মানুষ যুবকের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ এটিকে জীবনের কঠিন শিক্ষা হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন, আবার কেউ আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। অনেকের মতে, আর্থিক ক্ষতি হলেও সময়মতো এমন একজন মানুষের প্রকৃত চরিত্র জানা ভবিষ্যতের জন্য ইতিবাচক হতে পারে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক, বিশ্বাস এবং ব্যক্তিগত স্বার্থের বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।



