Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

আরও ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা দিল ইরান!

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে উপকূলীয় পাঁচটি নতুন স্থানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, জাতীয় জ্বালানি ব্যবস্থায় পারমাণবিক শক্তির অবদান বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার সংসদের জ্বালানি ও নির্মাণবিষয়ক কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ২০২২ সালে প্রণীত পারমাণবিক শিল্পের সমন্বিত কৌশলগত পরিকল্পনার আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উপকূলীয় পাঁচটি এলাকায় নতুন কেন্দ্র স্থাপনের কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে।

ইসলামি জানান, ইরানের একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর ইতোমধ্যে ৮০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে। তার মতে, এই উৎপাদনের ফলে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয়ে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণের কাজও চলছে। এসব প্রকল্পকে দেশের বৃহৎ অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগের অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দক্ষিণ উপসাগরীয় উপকূলে অবস্থিত বুশেহর কেন্দ্র বর্তমানে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহকারী একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার সময় এটি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হলেও কর্তৃপক্ষ দাবি করেছে, কেন্দ্রটির কার্যক্রম ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক তৎপরতা এবং পাল্টাপাল্টি হুমকির ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যদিও উভয় পক্ষের সূত্রগুলো সাময়িকভাবে হামলা স্থগিত বা সীমিত করার ইঙ্গিত দিয়েছে, তবুও অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির রয়ে গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button