Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

দীর্ঘ ২৭ বছর পর যুবককে সন্তানের স্বীকৃতি দিলেন বাবা

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘ ২৭ বছরের অপেক্ষা ও আইনি প্রক্রিয়ার পর অবশেষে বাবার স্বীকৃতি পেলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক যুবক। মঙ্গলবার চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ে অনুষ্ঠিত এক মধ্যস্থতা সভায় বাবা আনুষ্ঠানিকভাবে তাকে নিজের সন্তান হিসেবে মেনে নেন। এতে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটার পাশাপাশি স্বস্তি ফিরে এসেছে দুই পরিবারে।

জানা গেছে, যুবকের জন্মের আগেই তার মা-বাবার বিচ্ছেদ ঘটে। সে সময় বাবা বিদেশে অবস্থান করায় সন্তান বাবার সান্নিধ্য ছাড়াই মামার বাড়িতে বড় হন। পরে জানতে পারেন, তার বাবা দেশে ফিরে নতুন করে সংসার শুরু করেছেন। এরপর বাবার স্বীকৃতি পাওয়ার জন্য তিনি লিগ্যাল এইডের শরণাপন্ন হন।

মামলার প্রক্রিয়ায় আদালতের নির্দেশে মা, বাবা ও সন্তানের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে যুবকের দাবি সত্য প্রমাণিত হলে বিষয়টি নতুন মোড় নেয়। ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে মধ্যস্থতা সভায় বাবা তাকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেন।

চুক্তি অনুযায়ী, বাবা সন্তানের উত্তরাধিকার অধিকার নিশ্চিত করার পাশাপাশি ঘর নির্মাণের জন্য দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া আত্মীয়স্বজন ও স্থানীয়দের কাছে তাকে নিজের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার লিখিত অঙ্গীকারও করেন।

লিগ্যাল এইড কর্মকর্তারা জানান, স্বীকৃতির মুহূর্তে বাবা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরেন, যা দীর্ঘদিনের মানসিক দূরত্বের অবসানের প্রতীক হয়ে ওঠে।

স্বীকৃতি পাওয়ার পর আবেগাপ্লুত যুবক বলেন, এতদিন বাবার পরিচয় দিতে না পারায় নানা ধরনের কটূক্তি সহ্য করতে হয়েছে। এখন বাবার স্বীকৃতি পাওয়ায় সেই কষ্টের অবসান ঘটেছে এবং তিনি সমাজে মাথা উঁচু করে চলতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button