Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

ভূমিকম্পে নাতিকে বুকে আগলে রাখলেন দাদি, ভিডিও ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: দক্ষিণ ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের সময় এক দাদির অসাধারণ সাহস ও ভালোবাসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের তীব্র কম্পনের মধ্যে তিনি মুহূর্তের মধ্যে নিজের নাতিকে বুকে জড়িয়ে নিরাপদে রাখার চেষ্টা করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তার মানবিকতা ও আত্মত্যাগের মনোভাবের প্রশংসা করেছেন। অনেকেই তাকে ‘সুপারহিরো দাদি’ হিসেবে আখ্যায়িত করেছেন। নেটিজেনদের মতে, বিপদের মুহূর্তে নিজের নিরাপত্তার কথা না ভেবে শিশুটিকে আগলে রাখার এই দৃশ্য নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ।

ভিডিওতে দেখা যায়, চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বৃদ্ধার প্রধান লক্ষ্য ছিল নাতির নিরাপত্তা নিশ্চিত করা। তিনি নিজের শরীর দিয়ে শিশুটিকে ঢেকে রাখেন, যেন যেকোনো বিপদ থেকে তাকে রক্ষা করতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ভূমিকম্পের ভয়াবহতার কথা তুলে ধরে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, এমন সংকটময় মুহূর্তে ওই বৃদ্ধার দ্রুত সিদ্ধান্ত ও উপস্থিত বুদ্ধি সত্যিই প্রশংসনীয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) ভোরে ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের উপকূলের কাছে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ পর্যন্ত। ভূমিকম্পের পর কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পে অন্তত ৩৭ জন নিহত এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়েছেন। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটি প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির ঝুঁকির মুখে থাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button