
বাংলা টিভি ডেস্ক: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ক্রমেই বাড়ছে। সেই উন্মাদনায় ভিন্নমাত্রা যোগ করেছেন শেরপুরের এক ফুটবল সমর্থক। দীর্ঘদিন আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত শিবু এবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন। আর এই দলবদলকে স্মরণীয় করে রাখতে তিনি ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন।
সোমবার (৮ জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকায় ব্যতিক্রমী এই আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল শেষে শিবু আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি গায়ে তুলে নেন। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকেরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
স্থানীয় সূত্র জানায়, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ ব্যবহার করে এই প্রতীকী ‘দলবদল’ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
কেন আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক হলেন—এ প্রশ্নের জবাবে শিবু বলেন, তিনি মূলত লিওনেল মেসি-র কারণে দীর্ঘদিন আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। তবে তাঁর ধারণা, ২০২৬ বিশ্বকাপই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। পাশাপাশি বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাসমৃদ্ধ স্কোয়াড না থাকায় দলের প্রতি আগের সেই আস্থা আর খুঁজে পাচ্ছেন না।
অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমার-এর প্রতি ব্যক্তিগত পছন্দের কথাও জানান তিনি। এসব কারণ বিবেচনায় নিয়েই ব্রাজিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।
শিবুর বন্ধু ও ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, আর্জেন্টিনার প্রতি শিবুর ভালোবাসার মূল কারণ ছিলেন মেসি। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি নতুন করে ব্রাজিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের সমর্থক গোষ্ঠী তাকে সাদরে গ্রহণ করেছে।
আরেক ব্রাজিল সমর্থক মেহের খান অপু বলেন, বিশ্বকাপের আগে সমর্থকদের আবেগঘন সিদ্ধান্ত বা দল পরিবর্তনের ঘটনা অস্বাভাবিক নয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন সদস্যকে সঙ্গে নিয়ে এবার ব্রাজিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে।
বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। বিশ্বকাপ এলেই সেই উন্মাদনা আরও তীব্র হয়ে ওঠে। শেরপুরের এই ব্যতিক্রমী দলবদলের ঘটনাও সেই ফুটবল আবেগেরই আরেকটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে।



