লালমনিরহাটে বাকবিতণ্ডা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, কিশোর নিহত

লালমনিরহাট প্রতিনিধি (ডিজিটাল): লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও ছুরিকাঘাতের ঘটনায় লাদেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালাটারী এলাকার আশরাফের ছেলে লাদেনের সঙ্গে একই ইউনিয়নের দাসপাড়া এলাকার জুয়েলের ছেলে রকি (১৮)-র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সৃষ্টি হয়। পরে দাসপাড়া এলাকায় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের অভিযোগও ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাকবিতণ্ডার এক পর্যায়ে রকি ধারালো অস্ত্র দিয়ে লাদেনকে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে লাদেন ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ বিষয়ে আদিতমারী থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



