
বাংলা টিভি ডেস্ক: পাবনা সদর উপজেলায় ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তি। সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হোসেন আলী সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার কর্মচারী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ছেলেকে মাদ্রাসায় রেখে আসার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে সেখানে যান তিনি। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। প্রথমে কয়েক রাউন্ড গুলি ছোড়ার পর অস্ত্র পুনরায় লোড করে আবারও গুলি করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাবনা সদর থানার পুলিশ জানায়, সন্ধ্যার দিকে হোসেন আলী তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি বা রেখে আসতে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন। গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে একই দিনে পাবনা শহরে আরেকটি হত্যার ঘটনা ঘটে। বিকেলে বাস টার্মিনাল এলাকায় মনিরুল নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাকিব নামে একজনকে আটক করেছে পুলিশ।
দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।



