১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার দেবিদ্বার উপজেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী শিক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫২ জন শিক্ষার্থী এবং ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়েছেন।
সোমবার (৮ জুন) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে এই আয়োজন করা হয়। এতে দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেয়। সংসদ ভবন পরিদর্শন শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে স্মারক উপহারও তুলে দেওয়া হয়।
অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, দেবিদ্বারের ইতিহাসে এই প্রথম এতসংখ্যক শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার এবং অধিবেশন সরাসরি উপভোগ করার সুযোগ পেল। তাদের মতে, এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য অনুপ্রাণিত করবে।
শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্বের দায়িত্ব এই প্রজন্মকেই নিতে হবে। সে লক্ষ্যেই তাদের সংসদে এনে রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, একদিন এই শিক্ষার্থীদের মধ্য থেকেই কেউ জাতীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছাবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগে শিক্ষার্থীদের পারিবারিক বা আর্থিক অবস্থাকে বিবেচনায় নেওয়া হয়নি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরই নির্বাচন করা হয়েছে, যাতে তারা নিজেদের সম্ভাবনা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে এবং বড় লক্ষ্য নির্ধারণ করতে শেখে।



