Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

বাংলাদেশে প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়

বাংলা টিভি ডেস্ক: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের ২০২৪ সালের ফুড ওয়েস্ট ইনডেক্স প্রতিবেদনে বাংলাদেশে বছরে প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের যে তথ্য উল্লেখ করা হয়েছে, তা সামগ্রিক হিসাবের অংশ বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় দিন লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম লিখিত প্রশ্নে দেশে খাদ্য অপচয় পরিস্থিতি ও তা কমাতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইউনেপের প্রতিবেদনে উল্লেখিত ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের তথ্য একটি সামগ্রিক চিত্র, যা বিভিন্ন পর্যায়ের ক্ষতি ও অপচয়কে অন্তর্ভুক্ত করে।

তিনি আরও জানান, সরকারের খাদ্য মন্ত্রণালয় খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। এই প্রক্রিয়ায় কিছু পরিমাণ খাদ্যশস্য নষ্ট হলেও তা কমিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আধুনিক সাইলো ও গুদাম নির্মাণ, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির কার্যক্রম রয়েছে।

প্রতিমন্ত্রী সংসদে আরও জানান, ২০২৪–২৫ অর্থবছরে দেশে খাদ্যশস্যের ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল ১৮ হাজার ৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টন, যা মোট ব্যবস্থাপনার শূন্য দশমিক ২৮ শতাংশ। আগের অর্থবছরে এই হার ছিল শূন্য দশমিক ৩১৬ শতাংশ, অর্থাৎ এ বছর কিছুটা হ্রাস পেয়েছে।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপচয় কমাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা উৎপাদন, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থায় সচেতনতা বৃদ্ধির কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button