Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কাঁটাতারের বেড়া কেটে ও গেট খুলে পুশইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নিয়ন্ত্রিত এলাকায় স্থাপিত কাঁটাতারের বেড়া কেটে এবং সীমান্ত গেট খুলে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে । তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে এসব কথিত পুশইনের চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।

সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আটক বা জড়ো করা ব্যক্তিদের সীমান্তসংলগ্ন হোল্ডিং সেন্টারে এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে বিএসএফ। এ উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে নির্মিত কাঁটাতারের বেড়ার গেট খুলে দেওয়া কিংবা কিছু স্থানে বেড়া কেটে লোকজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

গত শনিবার ভোররাতে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে ওই ছয়জনকে শূন্যরেখায় রেখে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। পরে শনিবার দিবাগত গভীর রাতে তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের প্রায় ৮২ কিলোমিটার এলাকা নিয়ে দায়িত্ব পালন করছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত পয়েন্টে সাম্প্রতিক সময়ে একাধিকবার একই ধরনের পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। সীমান্তে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে থাকায় কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

সীমান্ত এলাকায় সরেজমিনে দেখা গেছে, ভারতের কাঁটাতারের বেড়ার ওপাশের সড়কে বিভিন্ন সময়ে যানবাহনে করে ৬ থেকে ১৫ জনের দল নিয়ে টহল ও চলাচল করছে বিএসএফ সদস্যরা। রতে বন্ধ করে রাখছে সিমান্তে জালানো লাইট। স্থানীয়দের দাবি, সুযোগ বুঝে এসব লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা থাকলেও বিজিবির কড়া নজরদারির কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

একটি সূত্র বলছে, সীমান্তে জড়ো করা ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করালে বিজিবি তাদের গ্রহণ করবে—এমন আশ্বাস দিয়ে সীমান্ত এলাকায় নিয়ে আসে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান, সার্বক্ষণিক টহল এবং সীমান্তবাসীর সহযোগিতার কারণে অবৈধ অনুপ্রবেশের সব ধরনের চেষ্টা ব্যর্থ হচ্ছে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত। সীমান্তে আমাদের পর্যাপ্ত জনবল মোতায়েন রয়েছে। পাশাপাশি সীমান্তবাসীরাও আমাদের সহযোগিতা করছেন।”

তিনি আরও বলেন, “বিএসএফ বিভিন্ন সময় সীমান্তে জড়ো করা লোকজনকে সুযোগ বুঝে তাদের নিয়ন্ত্রিত কাঁটাতারের বেড়া ও গেট খুলে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। তবে বিজিবির কঠোর অবস্থান ও কার্যকর নজরদারির কারণে তাদের কোনো কৌশল সফল হচ্ছে না। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button