ধরলার স্রোতে তলিয়ে গেল দুই ভাই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় নিখোঁজ দুই কিশোরের সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
নিখোঁজরা হলেন- মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা একই পরিবারের দুই ভাই। তাদের বাবা মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিবারের বাড়ি মোগলহাট বাজারসংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর প্রায় ২টার দিকে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা বিপদে পড়ে। এ সময় মেহেদী প্রাণপণ চেষ্টা করে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীর গভীরে তলিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালান। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও দুই ভাইয়ের কোনো সন্ধান মেলেনি।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, নিখোঁজ দুই কিশোরকে খুঁজে বের করতে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। দুই ভাইয়ের দ্রুত সন্ধানের আশায় উৎকণ্ঠার প্রহর গুনছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।



