গাইবান্ধায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যা; গ্রেফতার স্বামী

গাইবান্ধা প্রতিনিধি (অনলাইন): গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রী শিমুলি আক্তার শিউলির (৩৬) টাকায় কেনা জমি স্বামীকে লিখে না দেওয়ায় গলাটিপে হত্যার অভিযোগে স্বামী আনোয়রুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৭ জুন) সকালে বাংলা টিভিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতারকৃত আনারুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, নিহত শিমুলি আক্তার শিউলি আসামি আনারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে সাংসারিক জীবনে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। প্রায় সময়ই আনারুল ইসলাম তার স্ত্রী শিউলিকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এরই মধ্যে শিউলি ২ শতক জমি ক্রয় করে টিনশেড ঘর করে স্বামীসহ বসবাস করে আসছিলেন। এরপর শিউলিকে ওই জমি আনারুল ইসলাম তার নামে রেজিস্ট্রি দলিল করে দেওয়ার জন্য নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২২ মে বিকেল সাড়ে ৩ টার দিকে আনারুল ও তার সহযোগী ২-৩ জন অজ্ঞাতনামা মিলে শিউলিকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
পরবর্তীতে নিহত শিউলির ভাই নুরুল ইসলাম বাদী হয়ে সাদুল্লাপুর থানার একটি হত্যা মামলা দায়ের করেন। তখন থেকে আসামিরা আত্নগোপনে থাকেন। তাদের গ্রেফতার অভিযান চলমান রাখার একপর্যায়ে অভিযান পরিচালনা করে র্যাবের অভিযানিক দল। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার যৌথ আভিযানিক দল শনিবার (৬ জুন) দুপুরের দিকে জিএমপি, গাজীপুরের বাসন থানা এলাকার ভোগড়াস্থ জোনাকী স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আনারুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার আসামি আনারুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



