Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিরাজনীতি

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয়: আবেগঘন স্ট্যাটাস ছাত্রদল নেতার

বাংলা টিভি ডেস্ক: চাকরি নয়, রাজনীতিতেই নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি তার এই আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে দীর্ঘ ও অনুভূতিপূর্ণ বার্তা লিখেছেন। সেখানে তিনি সরাসরি দেখা হলে বলতে না পারা কথাগুলো তুলে ধরেছেন।

স্ট্যাটাসে তারিক উল্লেখ করেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা, গ্রেপ্তারের ভয় এবং ক্যাম্পাসে নিয়মিত যেতে না পারার বাস্তবতা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই তিনি অনার্স ও মাস্টার্সে বিভাগের সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের একজন হয়েছেন বলে জানান।

তিনি বলেন, ইচ্ছা করলে শিক্ষকতার মতো পেশায় যেতে পারতেন। তবে মানুষের পাশে দাঁড়ানো এবং ছাত্রদলের রাজনীতির প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি ভিন্ন পথ বেছে নিয়েছেন। এ পথচলায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন। শরীরে গুলির চিহ্ন ও স্প্লিন্টার বহন করার কথাও তিনি তুলে ধরেন।

তারিক আরো বলেন, বিভিন্ন ধর্ম ও অঞ্চলের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন।

দলের শীর্ষ নেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে নিজের জীবনের বড় প্রাপ্তি উল্লেখ করে তিনি লেখেন, এখন তার একমাত্র ইচ্ছা রাজনীতির মধ্যেই থাকা এবং দলের জন্য কাজ করা। এমন কোনো চাকরি তিনি চান না, যা তাকে রাজনীতি ও নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দেবে।

স্ট্যাটাসের শেষাংশে তারিক বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দলের যেকোনো দায়িত্ব পালন করতে তিনি প্রস্তুত। সুযোগ পেলে আমৃত্যু দলের প্রতি তার অঙ্গীকার অটুট থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মো. তরিকুল ইসলাম তারিক বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button