মশা মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন তো: ডিসি গাজীপুর

গাজীপুর প্রতিনিধি: ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে নাগরিক দায়বদ্ধতার ওপর জোর দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক সভায় তিনি উপস্থিত সবার উদ্দেশে এক আত্মোপলব্ধিমূলক প্রশ্ন ছুড়ে দেন— মশা তার কাজ করে যাচ্ছে, কিন্তু মানুষ হিসেবে আমরা কি আমাদের দায়িত্বটুকু ঠিকঠাক পালন করছি?
শনিবার (৬ জুন) ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা প্রশাসক বলেন, শনিবারের এই দিনটি সবাই নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করবেন। কারণ আপনার আঙিনা, আশপাশ, বাড়িঘর এবং রাস্তাঘাট পরিষ্কার রাখা সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব।
তিনি উপস্থিত সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, এই নাগরিক দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ হলে, জীবনসংহারী ডেঙ্গু মশা আপনাকে এবং আপনার স্বজনদের শেষ করে দেবে। সুতরাং, মশা জন্মাতে পারে এমন পানি যাতে কোনোভাবেই জমে না থাকে সেদিকে কঠোর খেয়াল রাখতে হবে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা।
এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, উপপরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা কর্মসূচিতে অংশ নেন।



