দক্ষিণ সুদানে মিশনে থাকা বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু

ভোলা প্রতিনিধি (ডিজিটাল): দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে উগান্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মহিউদ্দিন চপল ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি দেলোয়ার হোসেনের ছেলে। প্রায় দুই মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে যোগদান করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে তার মৃত্যু হলেও পরিবারের কাছে এ দুঃসংবাদ পৌঁছায় রোববার দুপুরে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানের জনক। দায়িত্বশীল, সৎ ও দেশপ্রেমিক একজন সেনাসদস্য হিসেবে তিনি সহকর্মী ও পরিচিতজনদের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন।
দেশের সুনাম বৃদ্ধি ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে তার এই মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, দক্ষিণ সুদানে মিশনে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করা ভোলার লালমোহন উপজেলার মো. মহিউদ্দিন চপলের লাশ ৭ দিন পর নিজ গ্রামে পৌঁছেছে। শনিবার (৬ জুন) দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে সেনাবাহিনীর একটি চৌকস দল লাশ নিয়ে লালমোহন কলেজ মাঠে আসেন। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



