Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

বগুড়ায় আবাসিক হোটেলে মিলল সাবেক ইউপি সদস্যের মরদেহ

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত হোটেল সেঞ্চুরি থেকে বিপুল চন্দ্র পাল (৪৮) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা ও দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তার পিতা মৃত জিতেন্দ্র নাথ পাল।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল চন্দ্র পাল হোটেল সেঞ্চুরিতে একটি কক্ষ রুম নেন। শনিবার দুপুরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ খোঁজ নিতে যায়। এ সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করে।

হোটেলের রিসেপশনে দায়িত্বরত কর্মচারী মো. এনামুল হক বলেন, রাত্রিযাপনের জন্য তিনি কক্ষটি নিয়েছিলেন। দুপুরে চেক আউটের সময় পার হয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশকে অবহিত করা হয়।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার কক্ষ থেকে একটি যৌন উত্তেজক ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button