
ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোলতানা ফিলিং স্টেশন এলাকায় একটি ড্রাম ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইকবাল হোসেন জিসান (২৩) ও জিহানুল ইসলাম শাওন (২৩)। জিসান ফেনীর সোনাগাজী উপজেলার সমপুর এলাকার প্রবাসী আবু তৈয়বের ছেলে এবং শাওন ফেনী সদর উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকার প্রবাসী কামরুল ইসলামের ছেলে। তারা দুজনই ফেনী শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ড্রাম ট্রাক মহাসড়কের সোলতানা ফিলিং স্টেশনের সামনে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফাজিলপুর থানার ছাগলনাইয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সহিদুল ইসলাম দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দুই তরুণের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



