Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

নবাবগঞ্জে আড়িয়াল বিলে নিখোঁজের ৮ দিন পর লাশ উদ্ধার: ভাইসহ গ্রেপ্তার ২

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ আট দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রহস্যজনক পরিস্থিতির কারণে নিহতের ছোট ভাইসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

নিহত নারায়ণ সরকার (৪৮) উপজেলার বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর চৌরাহাটি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে আড়িয়াল বিলের একটি ডাঙার পাশ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ মে সকালে নারায়ণ সরকার তার ছোট ভাই জগদীশ সরকারের সঙ্গে মাছ ধরতে আড়িয়াল বিলে যান। তবে দুপুরে জগদীশ একাই বাড়ি ফিরে আসেন, আর নারায়ণ নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের স্ত্রী চম্পা রানী জানান, দীর্ঘ আট দিন ধরে কোনো খোঁজ না পাওয়ার পর বৃহস্পতিবার সকালে বিলের মধ্যে তার স্বামীর মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

ঘটনার পর থেকেই এলাকায় নানা প্রশ্নের জন্ম নেয়। বিশেষ করে দুই ভাই একসঙ্গে মাছ ধরতে গেলেও একজন ফিরে আসা এবং অন্যজনের নিখোঁজ হওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। মরদেহ উদ্ধারের পর সেই সন্দেহ আরও জোরালো হয়।

তদন্তের অংশ হিসেবে পুলিশ নিহতের ছোট ভাই জগদীশ সরকার এবং নিখিল রাজবংশী নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং জিজ্ঞাসাবাদের তথ্য পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি নিয়ে পুরো বক্সনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button