Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

৯৯৯-এ ফোন করে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম (২৬)কে পরিবারের সদস্যরা পুলিশের কাছে সোপর্দ করেন।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আনারুলকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা হলেও তিনি উল্টো পরিবারের সদস্যদের মারধর করতেন, ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন এবং নেশার প্রভাবে মূল্যবান জিনিসপত্র নষ্ট করতেন। বাধা দিলে হুমকি ও নির্যাতনও করতেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঈদের দিন থেকে তার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বুধবার বিকেলে মাদক সেবন করে বাড়ি ফিরে তিনি তার মা ও ভাইকে মারধর করেন। পরে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর শুরু করলে নিরুপায় হয়ে পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিবারের সদস্যরা আনারুলকে তাদের হাতে তুলে দেন।

পরিবার জানায়, তাকে সুস্থ করতে এর আগে দুইবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু চিকিৎসা শেষে ফিরে এসে তিনি আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন।

পরে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তার কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আনারুল নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করেন।

এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

স্থানীয়রা বলেন, কোনো বাবা-মায়ের জন্য নিজের সন্তানকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া অত্যন্ত কষ্টের বিষয়। তবে দীর্ঘদিনের অসহায় পরিস্থিতি ও মাদকের ভয়াবহ প্রভাবের কারণে পরিবারটি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

তাদের মতে, এলাকায় মাদকের সহজলভ্যতা তরুণদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button