হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা-য় কলকাতা হাইকোর্টের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং রাষ্ট্রদ্রোহসহ একাধিক অভিযোগে মামলাটি করেন।
অভিযোগে বলা হয়েছে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা এবং বাংলাদেশের একটি হত্যাকাণ্ড প্রসঙ্গে ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে মন্তব্য করার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। পাশাপাশি তার বক্তব্য দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও দাবি করা হয়েছে।
এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে, একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার এমন মন্তব্য জাতীয় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদ্বেগের কারণ হতে পারে এবং বিষয়টির যথাযথ তদন্ত প্রয়োজন।
তবে অভিযোগ দায়েরের পর পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



