ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

বাংলা টিভি ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে “আপা” বলে সম্বোধন করার জেরে বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৯ মে ঈদের পরদিন ইউএনও সাধারণ ক্রেতার বেশে মেয়েকে সঙ্গে নিয়ে বনফুলের তাজপুর শাখায় যান। সেখানে কর্মচারী আব্দুল মান্নান তাকে বিভিন্ন পণ্যের তথ্য দেওয়ার সময় “আপা” বলে সম্বোধন করেন। এতে ইউএনও অসন্তুষ্ট হয়ে নিজের পরিচয় দেন এবং পরে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেন বলে দাবি করা হয়েছে।
কর্মচারী আব্দুল মান্নানের ভাষ্য, তাকে ভয়ভীতি দেখিয়ে একটি কাগজে স্বাক্ষর করানো হয় এবং পরবর্তীতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও অভিযোগ করেন, জরিমানার পরিমাণ কমানোর অনুরোধ জানালেও তা গ্রহণ করা হয়নি। পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে আনা হয়।
অন্যদিকে বনফুল শাখার ব্যবস্থাপক সুহেল বড়ুয়া বলেন, কর্মচারী বয়স্ক ও নিরক্ষর হওয়ায় তিনি বুঝতে পারেননি যে ওই ক্রেতাই ইউএনও। এ কারণেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।
তবে বালাগঞ্জ উপজেলার ইউএনও মো. মেহেদী হাসান বলেছেন, শুধু “আপা” বলে সম্বোধন করার কারণে কোনো নির্বাহী কর্মকর্তা জরিমানা করবেন বলে তার মনে হয় না; অন্য কোনো অনিয়মের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।
এ বিষয়ে ওসমানীনগরের ইউএনও মুনমুন নাহার আশার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



