ইউনিটপ্রতি যত বাড়ল বিদ্যুতের দাম

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম নতুন করে বাড়িয়েছে। বুধবার (৩ জুন) রমনার আইইবি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। নতুন হার অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সিদ্ধান্তটি ১ জুন থেকে কার্যকর ধরা হয়েছে।
নতুন দর অনুযায়ী, আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৩২ পয়সা করা হয়েছে। ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ১৮ পয়সা, যা আগে ছিল ৫ টাকা ২৬ পয়সা। একইভাবে ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৭ টাকা ২০ পয়সা।
এরপর ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারে দাম ৯ টাকা ১০ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটে ৯ টাকা ৬২ পয়সা এবং ৪০১ থেকে ৬০০ ইউনিটে ১৫ টাকা ১ পয়সা নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহারকারী অর্থাৎ ৬০০ ইউনিটের ওপরে গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৫ পয়সা।
শিল্প ও অন্যান্য খাতেও দাম বাড়ানো হয়েছে। কৃষি সেচে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬ টাকা ৪ পয়সা, শিক্ষা, ধর্মীয়, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানে ৯ টাকা ৫ পয়সা এবং রাস্তার বাতি ও পানির পাম্পে ১১ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র শিল্পে নতুন দাম ১২ টাকা ৭৩ পয়সা, নির্মাণ শিল্পে ১৮ টাকা ৯ পয়সা এবং বাণিজ্যিক ও অফিস খাতে ১৫ টাকা ৩৬ পয়সা করা হয়েছে। ইলেকট্রিক ভেহিকেল ও ব্যাটারি চার্জিং স্টেশনের জন্য নতুন দর ১১ টাকা ৩৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।



