
বাংলা টিভি ডেস্ক: রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলার মধ্যে একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। একই সঙ্গে বাকি ছয়টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডা. দীপু মনি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের একজন হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দলীয় সরকারের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে ৩৮টিরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।



