Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ৩০ ভারতীয় ট্রাকচালক আটক, ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস এবং বাণিজ্যিক ট্রাক চালানোর অভিযোগে ৩০ ভারতীয় নাগরিকসহ মোট ৫২ জনকে আটক করেছে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ। ফেডারেল কর্তৃপক্ষ এক অভিযানে তাদের আটক করে। শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন।

 ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার (১ জুন) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানায়, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনার ইউমা সেক্টরের বর্ডার প্যাট্রোল এজেন্টরা ‘অপারেশন চেকমেট’ পরিচালনা করেন। এ অভিযানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩৬ জন বাণিজ্যিক ট্রাক চালাচ্ছিলেন।

আটক হওয়া ৩৬ জন ট্রাকচালকের মধ্যে ৩০ জনই ভারতীয়। বাকি ছয়জন মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার নাগরিক। তাদের কাছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্য থেকে পাওয়া বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল। তবে কয়েকজনের কাছে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সই ছিল না।

অধিকাংশের কাছেই কর্মসংস্থান অনুমোদনের নথি ছিল। এসব নথি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে ইস্যু করা হয়েছিল। তবে এসব নথির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ফেডারেল আইন অনুযায়ী সবার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

‘অপারেশন চেকমেট’-এর লক্ষ্য হলো অভিবাসন আইন প্রয়োগের মাধ্যমে অবৈধভাবে অবস্থানকারী এবং বাণিজ্যিক যানবাহন চালানো ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা। জননিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রোল এজেন্ট ডাস্টিন কডল বলেন, ‘অপারেশন চেকমেট আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন, যার মাধ্যমে আমরা অবৈধভাবে অবস্থানকারী এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ চালকদের হাত থেকে সড়ক ও জনপদকে নিরাপদ রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘ফেডারেল এজেন্টরা প্রতিদিন টহলে থাকেন, যাতে এসব ব্যক্তিকে আটক করা যায় এবং যুক্তরাষ্ট্রজুড়ে সড়কে আরও প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।’

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে পরিবহন বিভাগ সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছে। এতে অযোগ্য বিদেশি চালকদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালানোর লাইসেন্স দেয়া বন্ধ করার কথা বলা হয়েছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক যান চালানোর সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন ট্রাকচালক গ্রেপ্তার ও অভিযুক্ত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button