Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

লোডশেডিংয়ের সুযোগে বাসায় ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

বাংলা টিভি ডেস্ক: নেত্রকোণা শহরের কাটলী এলাকায় একটি বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার স্বামী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) রাত ৮টা থেকে ৯টার মধ্যে শহরের কাটলী এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত মনোয়ারা বেগম (৫৫)। আহত হয়েছেন তার স্বামী আবু চান (৬০) ও ছেলে মুন্না মিয়া (২৫)। অভিযুক্ত আব্দুর রশিদ (৩০) একই এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক।

নিহতের মেয়ে লিজা মণি জানান, রাত ৯টার দিকে বাসায় গিয়ে তিনি তার বাবা ও ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং ঘরের ভেতরে অভিযুক্ত ব্যক্তিকে দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে খাটের নিচ থেকে মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত আব্দুর রশিদ পরিবারের সঙ্গে পূর্বপরিচিত ছিলেন এবং বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে অর্থ ধার নিতেন।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার সময় প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার ছেলে বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়। স্বামী এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।

পুলিশ জানায়, স্থানীয়দের আটকে রাখা অবস্থায় অভিযুক্ত আব্দুর রশিদকে ঘটনাস্থল থেকেই হেফাজতে নেওয়া হয়। আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মুন্না মিয়াকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে পুলিশ ও পিবিআই যৌথভাবে তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button