
বাংলা টিভি ডেস্ক: পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় দুই শিশুকে শরবতের সঙ্গে বিষাক্ত পদার্থ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ জুন) রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্ত সিরাজুল শিকদার (৪০) জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন বলে জানা যায়।
হাসপাতালে চিকিৎসাধীন ১৪ বছর বয়সী ইয়াসিন জানায়, তার বাবা বাজার থেকে চিনি আনতে বলেন। পরে সেই চিনি দিয়ে তৈরি শরবত তাকে ও তার ছোট বোনকে পান করান। শরবত পান করার কিছু সময় পরই তারা অসুস্থ বোধ করতে শুরু করে।
অন্যদিকে ছোট বোন ছামিয়া জানায়, শরবত পান করার পর তার মাথা ঘুরতে থাকে এবং সে মাটিতে পড়ে যায়। তার ধারণা, শরবতের মধ্যে অস্বাভাবিক কিছু মেশানো ছিল।
শিশুদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রতিবেশী কামরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি দুই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান।
শিশুদের নানা আব্দুল করিম অভিযোগ করে বলেন, তাদের আপন বাবা পরিকল্পিতভাবে বিষ মিশিয়ে শরবত খাইয়েছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটানো হয়েছে, সে বিষয়ে পরিবার নিশ্চিত কোনো কারণ জানাতে পারেনি।
ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজুল শিকদারকে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক বলেন, শিশুদের মধ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



