Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

৪০ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায়

বাংলা টিভি ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চার দশক ধরে একটানা ইমামতি করার পর ব্যতিক্রমী সম্মাননা ও আবেগঘন বিদায় পেলেন প্রবীণ ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন মসজিদ কর্তৃপক্ষ, মুসল্লি ও এলাকাবাসী।

শনিবার (৩১ মে) উপজেলার উত্তর দর্জিপাড়া জামে মসজিদে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৪০ বছর ধরে মসজিদটির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনকারী ৭৫ বছর বয়সী মাওলানা আব্দুস সালাম বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলে তার অবদানকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি সুসজ্জিত প্রাইভেট কারে করে তাকে মসজিদে আনা হয়। এ সময় স্থানীয় শিশুরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানায়। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্মৃতিচারণ এবং বিশেষ দোয়া মাহফিল।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তার দীর্ঘদিনের সেবার স্বীকৃতিস্বরূপ নগদ এক লাখ টাকা এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে মধ্যাহ্নভোজ শেষে তাকে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে তুলে বাড়ির উদ্দেশে বিদায় জানানো হয়। পুরো পথজুড়ে মোটরসাইকেল বহর ও শত শত মানুষের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক মুসল্লি ও গ্রামবাসী। কেউ কেউ চোখের জল ধরে রাখতে পারেননি।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে আমাদের ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতেই এই আয়োজন।

অন্যদিকে বিদায়ী ইমাম মাওলানা আব্দুস সালাম বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই তিনি এতদিন দায়িত্ব পালন করেছেন। এলাকাবাসীর ভালোবাসা ও সম্মানে তিনি অভিভূত এবং সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরাসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button