
বাংলা টিভি ডেস্ক: নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের সঙ্গে অসদাচরণ এবং হয়রানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়ার পর এবার বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকেও বহিষ্কৃত হয়েছেন আলী আজম সাব্বির খান।
সোমবার (১ জুন) টিটিসির অধ্যক্ষ এস এম ইমদাদুল হক স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, নারী প্রশিক্ষণার্থীদের হয়রানি, অশালীন আচরণ এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাব্বির খান ড্রাইভিং ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তার বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করা এবং আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ ওঠে।
এর আগে গত ২৪ মে এক নারী প্রশিক্ষণার্থী তাকে ইভটিজিংয়ের অভিযোগে প্রকাশ্যে জুতাপেটা করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে একাধিক নারী প্রশিক্ষণার্থী তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বার্তা পাঠানো, অশালীন প্রস্তাব দেওয়া এবং যৌন হয়রানির অভিযোগ আনেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে এনসিপির বগুড়া শাখা তাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে লিখিত ব্যাখ্যা তলব করে। তবে এ বিষয়ে এখনো দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
টিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযোগের বিষয়ে সাব্বির খানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।



