
বাংলা টিভি ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জামায়াত অতীতে গুপ্ত রাজনীতি করেছে। তাদের দলে গুপ্ত চাঁদাবাজও রয়েছে। হাদিয়ার নামে চাঁদাবাজি করে তারা। কিন্তু জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে।
রোববার দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে। মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না। পৃথিবীর ভালো সংস্কৃতির দর্শন গ্রহণ করা যায়, কিন্তু দেশের সংস্কৃতি ধ্বংস করে এমন সংস্কৃতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।



