ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়ায় সিজারিয়ান অপারেশনের সময় ভুল রক্তের গ্রুপ দেওয়ার অভিযোগে অহনা (ছদ্মনাম) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চিকিৎসাগত অবহেলার অভিযোগ এনে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
নিহত অহনা বগুড়া মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের গাজীপালশা এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, সন্তান প্রসবের জন্য তাকে শহরের খান্দার এলাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সন্তান জন্ম নেয়। তবে অপারেশনের পরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
স্বজনদের অভিযোগ, চিকিৎসার সময় ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর রক্তের গ্রুপ সম্পর্কে ভুল তথ্য দেয়। তারা বারবার জানতে চাইলে কর্তৃপক্ষ রোগীর রক্তের গ্রুপ ‘বি পজিটিভ’ বলে জানায়। সেই তথ্য অনুযায়ী রক্ত সংগ্রহ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে রোগীর অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
নিহতের বাবা-মা অভিযোগ করেন, ভুল রক্ত প্রয়োগ এবং চিকিৎসকদের অবহেলার কারণেই অহনার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের স্বামী মৃদুল ইসলাম বলেন, “আমরা সুস্থ মা ও সন্তানকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু চিকিৎসার নামে অবহেলায় আমার স্ত্রীকে হারাতে হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”
ঘটনার পর থেকে সংশ্লিষ্ট ক্লিনিকের কর্তৃপক্ষকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ক্লিনিকে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। ফলে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বগুড়ার সিভিল সার্জন খুরশীদ আলম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবজাতক সন্তান পৃথিবীর আলো দেখলেও তার মা আর সন্তানের মুখে হাসি দেখতে পারলেন না। ঘটনাটি স্বাস্থ্যসেবার মান ও বেসরকারি ক্লিনিকগুলোর জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।



