Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

চিরনিদ্রায় শায়িত নওগাঁর ১০ যুবক

বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর ১০ যুবকের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় স্থানীয় রাজেন্দ্রবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে একসঙ্গে ৬ যুবকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে পৃথক জানাজা শেষে আরও ৪ জনকে দাফন করা হয়।

স্বজনরা জানান, সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করে টাঙ্গাইল জেলা পুলিশ। পরে মরদেহবাহী ট্রাকটি মান্দার রাজেন্দ্রবাটী গ্রামে পৌঁছায়। এরপর ওই রাতেই ৪ জনের দাফন সম্পন্ন হয়। অন্য ৬ জনকে সকালে দাফন করা হয়।

রাজশাহীর বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ বলেন, এমন ঘটনা যে কোনো মানুষের হৃদয়কেই নাড়া দেবে। বিশেষ করে পরিবারগুলোর জন্য এটি অপূরণীয় ক্ষতি। তাদের এই ক্ষতি কোনোভাবেই পুষিয়ে দেয়া সম্ভব নয়। তবে নিহত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। যদিও তা অপ্রতুল। আগামীতে আরও বড় সহায়তা কীভাবে দেয়া যায়, তা ভেবে দেখা হচ্ছে।

জানাজায় অংশ নেন, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৪ আসনের এমপি মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম ও স্থানীয়রা।

প্রসঙ্গত, সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতিতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের ১০ জনের বাড়ি নওগাঁয়। এর মধ্যে নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটী গ্রামের ৭ জন, পাকুড়িয়া গ্রামের দুইজন এবং নিয়ামতপুর উপজেলার একজন। নিহতরা সবাই পরিবারের সদস্যদের সাথে ঈদ করার উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button