
টঙ্গী প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে ৯ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং গোপনে ধর্ষণের ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) রাতেই পূবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম খান ভুক্তভোগী শিশুর ফুপা। অভিযুক্ত সেলিম খান মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে।
এই ঘটনায় নির্যাতিতা শিশুর পিতা বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর যাবৎ পূবাইলের হায়দরাবাদ গজারিয়ারটেক এলাকায় তার শ্যালকের (বাদীর) বাসায় স্ব-পরিবারে বসবাস করে আসছিলেন।
গত শনিবার (২৩ মে) দুপুরে নির্যাতিতা শিশুর বড় বোন সেলিমের ঘরে যান। সেখানে সেলিম খানের ব্যবহৃত কম্পিউটারটি ব্যবহার করতে গিয়ে হঠাৎ তার ছোট বোনের ধর্ষণের ছবি দেখতে পান। পরে বিষয়টি তিনি পরিবারের অন্য সদস্যদের জানায়।
রাতেই শিশুর বাবা বাদী হয়ে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশের করা জিজ্ঞাসাবাদে শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নিজ ঘরে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করে সেলিম।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, ঘটনাটি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি, সেই সাথে মামলা রেকর্ডের পর আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।



