
বাংলা টিভি ডেস্ক: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে একাধিক শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে অভিযোগে আটক ও সাময়িক বহিষ্কারের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সুনাম নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত ১৬ মে ক্যাম্পাস সংলগ্ন হ্যাভেন সিটি ছাত্রাবাসে ‘অসামাজিক কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে ফিশারিজ অনুষদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে প্রশাসন।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, তাদের আচরণ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং শৃঙ্খলা নীতিমালার ১৫ ধারা অনুযায়ী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান জানান, সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে জানুয়ারিতে একই এলাকায় একটি মেস থেকে একজন শিক্ষার্থী ও একজন ভর্তি পরীক্ষার্থীকে আটক করা হয়। সর্বশেষ ১৯ মে ক্যাম্পাস সংলগ্ন মহাবলিপুর এলাকায় আরও দুই শিক্ষার্থীকে একই ধরনের অভিযোগে আটক করা হয় বলে প্রশাসন জানিয়েছে।
এ ঘটনায় ক্যাম্পাসে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপকে সমর্থন জানালেও, অনেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, এসব ঘটনার প্রেক্ষিতে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ আলোচনায় এসেছে।



