
বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ মো. মেহেদী হাছানকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে তাকে আটক করেন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম।
গ্রেপ্তার মেহেদী হাছান কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
মামলার বাদী একজন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করা হয়। নির্যাতনের কারণে অসুস্থ হয়ে একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয় ওই শিক্ষার্থীকে।
মামলাটি তদন্ত করছে পিবিআই কুমিল্লা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আসামির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



