বিজিবির অভিযানে মাদক ও বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার, আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদক ও বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে একজনকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ পণ্য পাচার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি।
অধিনায়ক জানান, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠ নামক স্থানে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে মেহেরপুরের গাংনী লক্ষ্মীধোলা মৃত ওমর আলীর ছেলে আলো হোসেনকে (১৯) ১৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাথুলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৪ এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাথুলি মাঠ নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর ব্রিজ মোড় নামক স্থানে পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ, ১০ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার পণ্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য এক কোটি ৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।



