Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক

মসজিদে হামলায় নিজের জীবন দিয়ে শত প্রাণ বাঁচালেন ‘বীর’ আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর একটি মসজিদে বন্দুক হামলায় নিরাপত্তাকর্মী আমিন আবদুল্লাহসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় পুরো শহর ও স্থানীয় মুসলিম কমিউনিটিতে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তার সাহসী ভূমিকার কারণে তাকে “বীর” হিসেবে স্মরণ করা হচ্ছে।

বুধবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়, হামলাটি ঘটে সান ডিয়েগো ইসলামিক সেন্টার-এ। পুলিশ সূত্র অনুযায়ী, দুই কিশোর হামলাকারী প্রবেশের চেষ্টা করলে আমিন আবদুল্লাহ তাদের লক্ষ্য করে গুলি চালান এবং পাল্টা গুলিতে তিনি নিহত হন। তবে মৃত্যুর আগে তিনি জরুরি লকডাউন ব্যবস্থা সক্রিয় করেন, যার ফলে পাশে থাকা একটি স্কুলের প্রায় ১৪০ শিশুসহ বহু মানুষের জীবন রক্ষা পায়।

পুলিশ জানায়, এই দ্রুত সিদ্ধান্তই বড় ধরনের গণহত্যা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কট ওয়াল বলেন, তার পদক্ষেপ নিঃসন্দেহে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে এবং তিনি সত্যিকারের বীর হিসেবে স্মরণীয় থাকবেন।

ঘটনায় নিহত অপর দুইজন মনসুর কাজিহা এবং নাদের আওয়াদ। তারা দুজনই নিয়মিত মসজিদে যাতায়াত করতেন বলে জানিয়েছে স্থানীয় মুসলিম সংগঠন কেইর-সান ডিয়েগো।

তদন্তকারীরা ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত করছে। সন্দেহভাজনদের সঙ্গে সম্পর্কিত কয়েকটি বাসা থেকে ৩০টির বেশি আগ্নেয়াস্ত্র, একটি ক্রসবো এবং উগ্র মতাদর্শের নথি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

স্থানীয় প্রশাসন ও মেয়র টড গ্লোরিয়া বলেন, এই হামলাকারীরা শহরের প্রতিনিধিত্ব করে না; বরং নিহতদের ত্যাগ ও সাহসই শহরের প্রকৃত পরিচয় তুলে ধরে।

এদিকে অনলাইনে চালু হওয়া সহায়তা তহবিলে ইতোমধ্যে কয়েক মিলিয়ন ডলারের অনুদান জমা পড়েছে, যা নিহতদের পরিবারকে সহায়তায় ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button