Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
এশিয়াআন্তর্জাতিকইন্ডিয়া

অপহরণের ৬ দিন পর খাল থেকে শিল্পীর মরদেহ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: অপহরণের ৬ দিন পর ভারতের পাঞ্জাব-এ একটি খাল থেকে পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২৯ বছর বয়সী এই শিল্পীর মৃত্যুকে ঘিরে রাজ্যজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, গত ১৩ মে রাতে ইন্দর কৌর বাজারে যাওয়ার কথা বলে নিজের বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে নিজের গাড়ি নিয়ে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবার অপহরণের আশঙ্কা প্রকাশ করে থানায় অভিযোগ দায়ের করে।

নিহতের ভাই জোটিন্দর সিংয়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

পরিবারের দাবি, সুখবিন্দর সিং ওরফে সুখা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইন্দর কৌরকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন। প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে। তবে পরে ইন্দর জানতে পারেন অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসেন।

পরিবারের অভিযোগ, এরপর থেকেই অভিযুক্ত ব্যক্তি তাকে হুমকি দিয়ে আসছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সম্ভবত কানাডা থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন এবং পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাতে পারেন। তদন্তকারীদের ধারণা, অপহরণের পর ইন্দর কৌরকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়।

মঙ্গলবার ভোরে লুধিয়ানার নীলো খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি আবার কানাডায় পালিয়ে গেছে বলে সন্দেহ করছে পুলিশ।

ইন্দর কৌর গায়িকা হওয়ার পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যায়বিচারের দাবি উঠেছে।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, অপহরণ, হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button